Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাশিমপুর কারাগার থেকে পালিয়েছেন ২০৯ বন্দি, গুলিতে নিহত ৬

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৭:৩৬ পিএম

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে কারারক্ষীদের জিম্মি করে পালিয়ে গেছেন ২০৯ জন বন্দি।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় কারারক্ষীদের গুলিতে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন জঙ্গি রয়েছেন। কারাগার কর্তৃপক্ষ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। 

নিহতদের লাশ রাতে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ছয়জন হলেন, হত্যা মামলার আসামি মৌলভীবাজারের রামেশ্বপুরের মকবুল মিয়ার ছেলে ইমতিয়াজ পাভেল (২৪), ছিনতাই মামলার আসামি টাঙ্গাইলের তারটিয়া এলাকার রাজ্জাক শেখের ছেলে স্বপন শেখ (৪০) ও সুনামগঞ্জের জলোশা এলাকার সিরাজুল ইসলামের ছেলে আয়াতুল্লাহ (৩৯)। হলি আর্টিজানে জঙ্গী হামলার মামলার আসামি নরসিংদীর নলভাটা এলাকার জাকির হোসেনের ছেলে মো. জিন্নাহ (২৮) ও নওগাঁর কাঞ্চনপুর এলাকার আবদুস সালামের ছেলে আসলাম হোসেন মোহন। অন্যজন হলেন হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আফজাল হোসেন (৬৩)

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে কারাগারে জঙ্গি ও কিছু সাধারণ বন্দীরা মুক্তির দাবিতে বিক্ষোভ ও বিদ্রোহ শুরু করেন। কিছু বন্দি কয়েকজন কারারক্ষীকে জিম্মি করে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় অনেক বন্দী ভেতরে থাকা মই ব্যবহার করে ও দেয়াল ভেঙে যে যেভাবে পেরেছেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে কারারক্ষীরা নিরাপত্তার স্বার্থে গুলি ছোড়েন। গুলিতে ৬ জন নিহত হন। এ সময় ২০৯ জন বন্দি পালিয়ে যায়।

খবর দেওয়া হলে ঢাকা থেকে হেলিকপ্টারে করে সেনাবাহিনীর কয়েকটি দল কারাগারে পৌঁছায়। এরপর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভের খবর পেয়ে ফটকে অবস্থান নেন বন্দিদের স্বজনেরা। একপর্যায়ে কারাগারের বাইরে একটি ঝুটের গুদামে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। পরে সেনাসদস্যরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন।

   

About

Popular Links

x