Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন নির্বাচন কমিশনাররা

দুপুর ১২টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হবে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ পিএম

আগামীকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দুপুর ১২টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের বাকি চার সদস্য হলেন  অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পার হচ্ছে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। ইতোমধ্যে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া আইন অঙ্গনের অনেকে পদত্যাগ করেছেন। পুলিশ, প্রশাসনসহ সবখানে ব্যাপক পরিবর্তন এসেছে। সবশেষ স্পিকার শিরীন শারমিন চৌধুরীও পদত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের বিষয়টি আলোচনায় এসেছে। 

বিকালে নির্বাচন ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় পদত্যাগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, “কাল (বৃহস্পতিবার) জানাব। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।”

হাবিবুল আউয়াল কমিশনের আড়াই বছর

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক আমলা হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন এই কমিশন। তাদের পরিচালনায় ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন হয়। এছাড়া এই আড়াই বছরে দেড় সহস্রাধিক পদে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন, উপনির্বাচন করেছে তারা।

২০২২ সালে নতুন কমিশন গঠনের আগে আকস্মিকভাবেই আইন প্রণয়ন হয়, আর সেই আইনের অধীনে প্রথম নির্বাচন কমিশনের দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ জন।

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের দাবি উঠেছে। সংস্কারের প্রতিশ্রুতির মধ্যে পদত্যাগের হিড়িক চলছে।

দেশের অন্যতম প্রধান বড় রাজনৈতিক দল বিএনপিসহ ইসিতে নিবন্ধিত বেশিরভাগ দল হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনকে মেনে নেয়নি। ইসির সংলাপের আহ্বানও প্রত্যাখ্যান করেছিল বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট। এই কমিশনের আমলে গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বর্জন করে বেশিরভাগ রাজনৈতিক দল। শুধু আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলো ওই নির্বাচনে অংশগ্রহণ করে। জাতীয় নির্বাচনের আগে নামসর্বস্ব রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া, বিতর্কিত বিভিন্ন সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে অনুমোদন দেওয়া, আইনে নিজেদের ক্ষমতা খর্ব করার প্রস্তাব দেওয়া, ইভিএম ব্যবহার নিয়ে সংলাপে রাজনৈতিক দলগুলোর দেওয়া মত পাল্টানোসহ কমিশনের নানা কর্মকাণ্ড নিয়ে বিতর্ক রয়েছে।

   

About

Popular Links

x