Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে যা জানালেন ইসি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম

সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত আলোচনা ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে সমীচীন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে অক্টোবর মাসকে সামনে রেখে তারা কাজ এগিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সরকারের সঙ্গে লিখিত ও অলিখিতভাবে আলোচনা ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনই স্পষ্ট করে ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনের পক্ষে সংগত হবে না। তবে এটুকু বলতে পারি, অক্টোবরকে সামনে রেখে আমরা কাজ এগিয়ে নিচ্ছি।”

তিনি বলেন, ‘‘নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। অক্টোবর মাসে নির্বাচন অনুষ্ঠিত হলে প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি চলছে।’’

স্থানীয় সরকার নির্বাচনের ক্রম নিয়ে তিনি জানান, এ মুহূর্তে কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে আইনগত ও বাস্তবিক দিক বিবেচনায় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন দিয়ে কার্যক্রম শুরু করা যৌক্তিক হবে। কারণ, সিটি করপোরেশনগুলো বর্তমানে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

সরকারের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, সীমানা নির্ধারণসহ স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন বিষয় সরকারের সংশ্লিষ্টতা রয়েছে। তাই বাস্তবতা ও আইনগত বাধ্যবাধকতার কারণে সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নির্বাচন আয়োজন করা হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য কমিশন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এ বিষয়ে গণমাধ্যমকে ধারাবাহিকভাবে হালনাগাদ তথ্য জানাবেন।

   

About

Popular Links

x