আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি-গোষ্ঠী তথা রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে এসব উদ্যোগ আরও দৃশ্যমান হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
শনিবার (৭সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে শেরেবাংলা নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, “রাঘববোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বড়দের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরপরে এ নিয়ে তদন্ত হবে। তদন্তে দোষ পেলে অভিযুক্ত হিসেবে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হবে।”
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “বাজার কারসাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) বলেছি বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আস্তে আস্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আসবে। বাজারে পণ্যের দাম একেবারে যে কমেনি তা কিন্তু নয়। আমরা চেষ্টা করছি কৃষকরা যাতে ন্যায্য মূল্যটা পায়।”
তিনি আরও বলেন, “ভোক্তার ডিজিকে বাজার মনিটর করতে বলেছি, যাতে করে বাজার মূল্য নিয়ন্ত্রণে আনা যায় । যদিও সে এখন নেই। খুব শিগগিরই ভালো লোক আসবে এখানে।”



