Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্রদের মামলা, প্রতিবাদে হরতাল

হরতালের সমর্থনে উপজেলা সদরের সকল ব্যবসাপ্রতিষ্ঠান এমনকি কাঁচাবাজার পুরোপুরি বন্ধ রয়েছে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পিএম

বিএনপি নেতা ও ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলার প্রতিবাদে হরতালের ডাক দেওয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে রংপুরের পীরগাছা উপজেলা সদরে পালিত হচ্ছে সর্বাত্মক আধা বেলা হরতাল।

পীরগাছা ব্যবসায়ী সমিতি এ হরতাল আহ্বান করে।

এদিকে হরতালের সমর্থনে উপজেলা সদরের সকল ব্যবসাপ্রতিষ্ঠান এমনকি কাঁচাবাজার পুরোপুরি বন্ধ রয়েছে। স্বল্পসংখ্যক রিকশা ও অটোরিকশা চলাচল করছে।

হরতাল আহ্বানকারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। অন্যদিকে, রাঙ্গা বেশ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর পীরগাছা থানায় মামলা করেন। ব্যবসায়ী সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৈষম্যবিরোধী শিক্ষার্থী রব্বানী, শামীম, জুয়েলসহ ২২ জনকে ওই মামলায় আসামি করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পাল্টাপাল্টি বিক্ষোভ চলছিল গত কয়েকদিন ধরে। এ ঘটনাকে কেন্দ্র করে মামলা প্রত্যাহারের দাবিতে হরতাল আহ্বান করা হয়।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রব্বানী ওরফে বাবু ঢাকা ট্রিবিউনকে বলেন, “বিএনপি নেতা রাঙ্গা তার আত্মীয় আওয়ামী লীগ নেতার পক্ষ নিয়ে আমাদের বিক্ষোভ মিছিলে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে রাঙ্গা উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।”

অন্যদিকে, বিএনপির পীরগাছা উপজেলা আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা অভিযোগ করে বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের নামে কয়েকজন ব্যবসায়ী সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনায় আমি মামলা করেছি।”

এদিকে হরতালের সমর্থনে ৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরে বিএনপি ও ব্যবসায়ী সমিতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য দেন বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক আফছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরতাল আহ্বান করেন। এ সময় মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

   

About

Popular Links

x