পেট্রোবাংলায় বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক দল কর্মকর্তা-কর্মচারী। তিতাস গ্যাসে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকার কারওয়ানবাজারে পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলার রিসিপশনের ভাঙচুর চালানো হয়। এর পৌনে এক ঘণ্টা পর তারা তিতাস গ্যাসে ফিরে যান।
প্রসঙ্গত, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহর চুক্তির মেয়াদ গত ২১ আগস্ট শেষ হয়। এরপর মেয়াদ না বাড়িয়ে ৯ সেপ্টেম্বর তার চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরপর দায়িত্ব দেওয়া হয় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে। জিটিসিএল-এর এমডি পদের দায়িত্ব পালনের আগে তিনি পেট্রোবাংলার জিএম ছিলেন।

বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীদের দাবি, তিতাসের কর্মকর্তাদের মধ্য থেকেই এমডি নিয়োগ দেওয়া হোক।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক কর্মকর্তা অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে জানান, তিতাসের লোকজনের দাবি হচ্ছে তাদের কর্মকর্তাদের মধ্যে থেকে এমডি করতে হবে। কিন্তু পেট্রোবাংলার সিনিয়রটির তালিকায় তিতাস গ্যাসের শীর্ষ ৫০-৬০ এর মধ্যেও কেউ নেই। আবার অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই কারণেই তিতাসের বাইরের দুর্নীতির অভিযোগ নেই এমন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।



