Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাশরাফী ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

হামলার পাশাপাশি আন্দোলনকারীদের ওপর শর্টগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করা হয়

 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ এএম

অবশেষে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। মাশরাফীর নামে নড়াইলে এটাই প্রথম মামলা।

মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র-জনতাকে রুখতে মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার রড ও দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে।

সমাবেশ চৌরাস্তা থেকে চিত্রা নদীর ওপর রাসেল সেতুর পূর্বপাড় পর্যন্ত বিস্ততৃ ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতেই মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের ওপর শর্টগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করা হয়। বিস্ফোরণ ঘটানো হয় বোমার। বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট-পাটকেল। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x