Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

লাশ দাফনের জন্য যাচ্ছিলেন খাটিয়া নিয়ে, ট্রাকচাপায় গেল তিনজনের প্রাণ

দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় লাশের খাটিয়া আনতে গিয়ে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালনা এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন লোহাগড়া ইউনিয়নের কালনা আমতলা গ্রামের রাসেল মোল্লা (১৫), শামীম শেখ (৩২) ও মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা জিয়া বিশ্বাস (৩৮)। নিহত কিশোর রাসেল মোল্লা জয়পুর আলিয়া মাদ্রাসার ছাত্র, শামীম পেশায় প্রাইভেট কার চালক এবং জিয়া দিনমজুর। এ ঘটনায় আহত হয়েছেন কালনা আমতলা গ্রামের তুহিন শেখ (৩০)।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাসেল মোল্লার দাদি মারা যান। তার দাফনের জন্য মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের ক্লাবঘরে থাকা লাশ বহনের খাটিয়া নিয়ে রাসেলদের বাড়ির দিকে যাচ্ছিলেন চারজন। ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল ও শামীম মারা যান। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান জিয়া বিশ্বাস। গুরুতর আহত তুহিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের মাঠে জানাজা শেষে নিহতদের লাশ দাফন করা হবে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, “ট্রাকচাপায় একই সঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। ট্রাকটি শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x