Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চবির নতুন ভিসি হলেন ড. ইয়াহ্ইয়া আখতার

তিনি ২০তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে উপাচার্য পদে দায়িত্ব প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১২ (২) ধারা অনুযায়ী প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে সাময়িকভাবে উক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। উপর্যুক্ত পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার ১৯৮২ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতিবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে একই বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন।

দেশে এবং বিদেশের অনেক বিখ্যাত গবেষণা জার্নালে ড. আখতারের লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণামূলক লেখালেখির পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাবলি ও সমসাময়িক রাজনীতি বিষয়ে পত্র-পত্রিকায় প্রবন্ধ লেখেন। অ্যাকাডেমিক কাজের পাশাপাশি ড. আখতার সামাজিক ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের সাথেও জড়িত।

   

About

Popular Links

x