পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। পদে থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, ড. এস এম আব্দুল আওয়াল ২০০৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে প্রথম স্থান অর্জন করে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরই ফলশ্রুতিতে তিনি একই ডিসিপ্লিনে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৯ সালে বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি লুভেন থেকে মলিকুলার বায়োলজিতে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৫ সালে ড. এস এম আব্দুল আওয়াল প্লান্ট সায়েন্স বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল ফুলব্রাইট স্কলার হিসেবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পাদন করেন।



