Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

উপদেষ্টা ফারুক-ই-আজম: নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকট বাড়ছে

ফারুক-ই-আজম বলেন, বিষয়টি আসলে মানবিক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম

নতুন আসা রোহিঙ্গাদের কারণে চাপ আরও বাড়ছে এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি বলেন, “আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সঙ্গে কালকেই নিজ দেশ মিয়ানমারে চলে যাক।”

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারের বিভিন্ন এনজিও, সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা সঙ্গে সমন্বয় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে ফারুক-ই-আজম বলেন, “আমরা তো কাউকে অনুপ্রবেশ করাচ্ছি না, তারা কোনো না কোনোভাবে আসছেন। বিষয়টি আসলে মানবিক। এখনও রেজিস্ট্রেশন হয়নি। তাই নতুন কতজন প্রবেশ করেছে তার সংখ্যাটি বলা যাচ্ছে না।”

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার বিষয়ে বলেন, সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্ন না ঘটে।

এর আগে সকালে ফারুক-ই-আজম কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার উর্ধতন কর্মকর্তা ছাড়াও রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক সেলের প্রধান হাসান সরওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন সহ সরকারি বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও দেশি-বিদেশি এনজিও কর্মকর্তাগণ।

   

About

Popular Links

x