Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তির বিষয়ে তদন্ত চান যুক্তরাজ্যের এমপি আপসানা

দুর্নীতির তদন্ত ও সম্পদ জব্দ করতে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্তে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি এমপি আপসানা বেগম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রিম বিগারকে চিঠি দিয়ে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত, ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতার আনার আহ্বান জানিয়েছেন আপসানা বেগম।

চিঠিতে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম ফাইনান্সিয়াল টাইমস, কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার তথ্যের সূত্র দিয়ে আপসানা বেগম বলেন, “শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে ১৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ব্রিটিশ ল্যান্ড রেজিস্টারের তথ্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী ২৮০টি সম্পত্তি কিনেছেন।”

তিনি চিঠিতে আরও উল্লেখ করেন, খুব দুঃখজনক যে, শুধু আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউজে ৭১টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্ত করছে। প্রতিষ্ঠানটি এসব সম্পদ পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামান চৌধুরী ও অন্যদের মালিকানাধীন যুক্তরাজ্যভিত্তিক সব সম্পদ বিষয়ে তদন্ত ও জব্দ করার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানালে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব।

আপসানা বেগম লেখেন, বাংলাদেশ সরকারের সাবেক সদস্যদের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি ও সম্পদের বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চেয়ে এ চিঠি লিখছি। 

চিঠির শেষাংশে আপসানা বেগম লেখেন, আমি নিশ্চিত আপনি একমত হবেন যে এই সম্পত্তি জব্দ করা ও ফেরত দেওয়া শুধু ন্যায়বিচার ও বাংলাদেশের জনগণের অধিকার নিশ্চিতের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষার জন্যও জরুরি।

   

About

Popular Links

x