ময়মনসিংহ নগরের একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ১০ জন।
সোমবার (৪ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়কের রহমতপুর বাইপাস মোড়ে আজাদ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস দিতে গিয়ে লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গ্যাসভিত্তিক ফিলিং স্টেশনটিতে বিস্ফোরণ ঘটে একজন প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স ৩০-৩৫ হতে পারে। তার নাম–পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ সময় আরও ১০ জন দগ্ধ হয়েছেন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে তিনটার দিকে নগরের বাইপাস এলাকার আজাদ ফিলিং স্টেশনে গ্যাস নিতে যানবাহনের সারি তৈরি হয়েছিল। এ সময় একটি অটোরিকশায় গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



