Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

উপদেষ্টা নাহিদ: নির্বাচন দেওয়াটাই এ সরকারের একমাত্র কাজ নয়

প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন হলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, “বর্তমান সরকার কোনো কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনও অব্যাহত আছে। তাই শুধু নির্বাচন দেওয়াটাই এ সরকারের একমাত্র কাজ নয়।”

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচি সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা নাহিদ ইসলাম তাকে এ বিষয়টি অবহিত করেন।

এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসান, কমনওয়েলথের অ্যাডভাইজার অ্যান্ড হেড অব এশিয়া ড. দিনুসা নিহারা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সহকারী মহাসচিব লুইস ফ্রান্সেচি উপদেষ্টাকে জানান, তারা সবসময় বাংলাদেশের পাশে আছে এবং শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনি প্রক্রিয়া সংস্কারসহ চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব ধরনের সমর্থনের আশ্বাস দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। দেশের স্বার্থরক্ষা হয়, এমন যেকোনো কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত। ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে।”

তিনি বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান আছে, এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন।”

   

About

Popular Links

x