Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

১০ কোটি টাকা শুল্ক ফাঁকি, বিলাসবহুল গাড়ি জব্দ

গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১১:০৯ এএম

চট্টগ্রামে প্রায় ১০ কোটি টাকা সরকারি শুল্ক ফাঁকির অভিযোগে নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা।

সোমবার (২৫ নভেম্বর) রাতে নগরীর খুলশী থানা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে “নিশান সাফারি” মুছে দিয়ে “নিশান পেট্রোল” লেখা হয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। নগরীর পশ্চিম খুলশী ১ নম্বর রোডের রোজ ভ্যালির হাছান টাওয়ার-১-এ গাড়িটি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মো. ওসমান গনি নামে এক ব্যক্তি অন্য একটি প্রতিষ্ঠান থেকে দেড় কোটি টাকায় গাড়িটি কিনেছেন। তার কাছ থেকে গাড়িটি কেনের মো. পারভেজ উদ্দিন।

গাড়িটির গায়ে নিশান পেট্রোল লেখা থাকলেও চেসিস নম্বর দিয়ে ওয়েবসাইটে সার্চ করে নিশান সাফারি পাওয়া যায় এবং গাড়িটিতে ৮২৭% অর্থাৎ আনুমানিক ১০ কোটি টাকা শুষ্ক-কর ফাঁকি দেওয়া হয়েছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

   

About

Popular Links

x