Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশে ভারতীয় সব টিভির সম্প্রচার বন্ধ চাওয়া রিটের শুনানি বুধবার

সোমবার ভারতীয় সব টিভি চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পিএম

বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট আবদেনটি শুনবেন হাইকোর্ট। 

বুধবার (৪ ডিসেম্বর) রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সোমবার বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। 

রিটে তথ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে। 

একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, “বর্তমানে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশের ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের বিভিন্ন ধারা লংঘন করে চলেছে। এ জন্য তাদের সম্প্রচার বন্ধ চেয়ে রিট করা হয়েছে। আবেদনে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ১৯ ও ২০ ধারা উল্লেখ করা হয়েছে।”

এর আগে, ২০১৭ সালের ২৯ জানুয়ারি স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধ করতে সরকারের নির্দেশনা চেয়ে সৈয়দা শাহিন আরা লাইলির দায়ের করা একটি রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখেন।

 

   

About

Popular Links

x