Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

লক্ষ্মীপুরের ফিলিং স্টেশনে আবারও সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

এর আগে, এই ফিলিং স্টেশনে একটি বাসের সিলিন্ডারে গ্যাস নিতে গিয়ে বিস্ফোরণে ৩ জন নিহত হন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে দুই জন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত “আল মদিনা” নামে লোকাল বাসটির যাত্রী আবুল কালাম (২১) ও বাসের কর্মী মো. রুবেল (৩০) নিহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর শহরের মুক্তিগঞ্জ এলাকার “গ্রিন লিফ” সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালাম পেশায় রঙমিস্ত্রি। তিনি পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। আহতদের মধ্যে দুজন হলেন নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০) ও লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার নাঈম (২৪)। আহত আরেকজনের নাম জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোররাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী আল মদিনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে গ্রিন লিফ ফিলিং স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, আল মদিনা নামের ওই বাসটি শহরের ঝুমুর এলাকায় রঙের কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এ সময় বাসের সঙ্গে রঙমিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে আসেন। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হয়ে মারা যান তিনি।

গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন বলেন, “বাসটির সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল। এজন্য বিস্ফোরণ ঘটেছে।”

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “একই ফিলিং স্টেশনে এর আগেও গ্যাস রিফিলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই মামলা এখনও চলমান। এখন আবার বিস্ফোরণে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, এর আগে গত ১৪ অক্টোবর এই ফিলিং স্টেশনে অন্য একটি বাসের সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। ওই দিন আরও ৯ জন আহত হন। এর মধ্যে একজনের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

   

About

Popular Links

x