Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, একদিনের ব্যবধানে তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি সেলসিয়াস

সঙ্গে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

শীত ক্রমেই বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীতে দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। পঞ্চগড়ে একদিনের ব্যবধানে কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সঙ্গে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস; যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বাতাসে তাপমাত্রা সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে এবং ৮ ডিগ্রির ওপরে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রিতে নেমে এলে মাঝারি ও ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তা তীব্র শৈত্যপ্রবাহ হয়ে থাকে।

পঞ্চগড়ে প্রতিদিন দুপুরের পর থেকে আবারও হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়ে যায় শীতের দাপট। রাতভর ঘনকুয়াশার চাদরে ঢেকে যায় এলাকা। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন পেশার মানুষ।

এদিকে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা বেড়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৩০০-৪০০ রোগী শীতজনিত নানা রোগের চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও প্রতিদিন শতাধিক শিশু ও বয়স্ক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

   

About

Popular Links

x