মিশরের রাজধানী কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৮ ডিসেম্বর) মধ্যরাত ১টায় কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উপ-প্রেস সচিব বলেন, “বাংলাদেশ ছাড়া আরও কয়েকটি দেশের সরকারপ্রধান এতে যোগ দেবেন। এরমধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তুরষ্ক ও পাকিস্তান। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন।”
আজাদ মজুমদার বলেন, “ডি-৮ শীর্ষ সম্মেলন ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও এমএসএমই ইস্যুতে সংস্থাটির গুরুত্বকে তুলে ধরে। এ কারণে সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক সস্মেলনে কাজ করতে তিনি সেখানে যাচ্ছেন। এসএমই ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে।”
সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন। সেখানে পাকিস্তানের প্রধান শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।



