পঞ্চগড়ে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গত দুদিন ধরে এখানে তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকলেও রবিবার আবারও নিচে নেমে এসেছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিন সকালে সূর্যের মুখ দেখা গেলেও মৃদু শৈত্যপ্রবাহ থাকার কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। রোদের কারণে দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়লেও বিকেল থেকেই ঠান্ডা লাগতে শুরু করছে। গরম কাপড় পরে লোকজন বের হচ্ছেন। রাতে কুয়াশা পড়ছে, কোনো কোনো সময় শীতল বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে রাতের শীতে এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রবিবার সকাল ৬টায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সকাল ৯টায় কিছুটা তাপমাত্রা কমে রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪%। বাতাসের গতি ছিল ৬ থেকে ৮ কিলোমিটার। মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে বলেও জানান তিনি।



