বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গাড়িবহরে থাকা শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। উপজেলার মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়। এ সময় গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধরও করা হয়।
শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। থানার সামনে ঘটনা হওয়া সত্বেও এ সময় পুলিশ নিরব ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, “খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের ওপর হামলা করে। অনেকে আহত হয়েছেন।”
আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, “পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার অতিদ্রুত করতে হবে।”



