Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুয়াশা কেটে ঢাকার আকাশে সূর্যের হাসি

আগামী মঙ্গলবারের পর দেশের অন্তত তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০২:২২ পিএম

টানা দুই দিন ধরে কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকায় অবশেষে সূর্যের আলোর দেখা মিলেছে। বাতাসের গতিও আগের দিনেরে চেয়ে তুলনামূলক কমায় শীতের অনুভূতিও কমেছে। শুধু ঢাকাই নয়, দেশের অন্যান্য জেলাতেও সকাল থেকে কুয়াশা কমতে শুরু করেছে।

শনিবার (৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

গতকাল শুক্রবার দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যায় শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়ছে, চলতি মাসে দেশে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কমবেশি এমনটাই থাকতে পারে। এরপর দেশের অন্তত তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এই বৃষ্টির পর দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। পরে তা তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুধু রাজধানী ঢাকা নয়, দেশের যেসব অঞ্চলে গত প্রায় দুই থেকে তিন দিন ধরে ঘন কুয়াশা ছিল, সেটা অনেকটা কমে গেছে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও কমে গেছে।

তিনি বলেন, “আগামী মঙ্গলবার পর্যন্ত এমন অবস্থা চলতে পারে। মঙ্গল অথবা বুধবারে রংপুর সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। ক্রমে তা তীব্র শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে।”

   

About

Popular Links

x