Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দেয়নি ভারত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একথা জানিয়েছেন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখন পর্যন্ত ভারত আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছেন বলেও জানান তৌহিদ হোসেন।

বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, “আপনাদের মতো আমিও পত্রিকার মাধ্যমে বিষয়টি (ভিসার মেয়াদ) জেনেছি। এটি ভারতের বিষয়।”

শেখ হাসিনাকে ফেরত আনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা চিঠি দিয়েছি। কিন্তু তারা এখনও জবাব দেয়নি।”

উল্লেখ্য, বুধবার ভারতের গণমাধ্যমে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বৈধভাবে ভারতে অবস্থানের জন্য শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

এদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এদের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশে হত্যা, গণহত্যা, গুমসহ নানা অভিযোগে হাসিনার বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়েছে। 

বিচার প্রক্রিয়ার স্বার্থে সাবেক এ প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে গত ২৩ ডিসেম্বর দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠায় ঢাকা।

   

About

Popular Links

x