আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমতে পারে। এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৮ জানুয়ারি) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়াও রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
তবে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া আগামী ৫ দিনের প্রথমদিকে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।



