Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি

চার্জ গঠন শুনানি পিছিয়ে ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০২:২০ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। একইসঙ্গে তার বিরুদ্ধে চার্জ গঠন শুনানি পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত নতুন এ দিন ধার্য করেন। এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। এ ছাড়া তার জামিন চেয়ে আরেকটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ৮ অক্টোবর শহিদ আবু সাঈদসহ অন্য শহিদদের নিয়ে সামাজিকমাধ্যমে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

ওই দিন তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ শ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহিদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকারপ্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন।

যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধানসম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

গত ৬ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে ১৪ অক্টোবর সদ্য সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

   

About

Popular Links

x