২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসায় তারা ইউজিসি ভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দাবির বিষয়ে কোনো নির্দেশনা না আসায় ইউজিসি ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা।
আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থী সিয়াম হাসান বলেন, “গতকাল ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তারা বলেছিলেন কঠোর নির্দেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে রাখতে বাধ্য করা হবে। অথচ আজ দুপুর গড়িয়ে গেলেও আমরা কোনো নির্দেশনা পাইনি।”
ইউজিসি ভবনের গেটে তালা দেওয়ার বিষয়ে তিনি বলেন, “কিছুক্ষণ পর অফিস সময় শেষ। ইউজিসি বলতে পারে যে আজ তো অফিস সময় শেষ, আগামীকাল দেখবে। সেজন্য আমরা চাই, আজকের মধ্যে নির্দেশনা আসুক। দাবি না মানা পর্যন্ত আমরা গেটের তালা খুলবো না।”
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন। এদিন, “২৪-এর বাংলায় ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ চাই” লেখা ফেস্টুন ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন। তাদের সঙ্গে কয়েকজন অভিভাবককেও অবস্থান করতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রবিবার ইউজিসি তাদের সঙ্গে আলোচনা করে সুপারিশ পাঠালেও তারা দৃশ্যমান কোনো ফল পাননি। এজন্য আজ আবারও অবস্থান নিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
তাদের দাবি, ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতি বহাল রেখে রাষ্ট্রপতির আদেশ জারি করতে হবে। তাছাড়া গুচ্ছ পদ্ধতিতে কিছু যৌক্তিক সংস্কারও চান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, রবিবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অভিমুখে লং মার্চ কর্মসূচি করেছেন। পরে ইউজিসির সামনে এলে তাদেরকে আলোচনায় বসার আহ্বান জানায় কর্তৃপক্ষ।
উচ্চ মাধ্যমিক পাস বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন। দাবি আদায়ে তারা ইউজিসির সামনে অবস্থান নেন। এ সময় ইউজিসির একজন প্রতিনিধি শিক্ষার্থী প্রতিনিধিদের কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। তবে তারা তা প্রত্যাখান করে দাবি মেনে নিতে বলেন।



গুচ্ছ ভর্তি পদ্ধতি বহালের দাবিতে শিক্ষার্থীদের ইউজিসি অভিমুখে যাত্রা