Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও চালু হলো ‘ঢাকা নগর পরিবহন’ সেবা

প্রাথমিকভাবে গাবতলী-চাষাড়া রুটে এসি বাস দিয়ে সেবা দেওয়া হবে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম

রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সুশৃঙ্খল করতে পুনরায় ঢাকা নগর পরিবহন সেবা চালু করেছে সরকার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর আসাদগেট এলাকায় এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক এ সেবার উদ্বোধন করেন।

বিশেষায়িত বাস পরিষেবার আওতায় প্রাথমিকভাবে গাবতলী-চাষাড়া (নারায়ণগঞ্জ) রুটে ৩৫টি এসি বাস দিয়ে সেবা দেওয়া হবে। পরে এতে আরও ১৫টি বাস যোগ করা হবে বলে জানা গেছে।

এই রুটে বাসের প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা, আর ন্যূনতম ভাড়া ধরা হয়েছে ২০ টাকা। বাস সার্ভিস ই-টিকিটের মাধ্যমে পরিচালিত হবে। যাত্রীরা নির্ধারিত স্টপেজ থেকে টিকিট কেটে বাসে উঠতে পারবেন। নির্ধারিত স্টপেজ ছাড়া অন্য কোথাও বাস থামবে না এবং যাত্রী ওঠা-নামা করতে পারবে না।

এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগর পরিবহন সেবা পুনরায় চালুর কথা জানান ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

ডিটিসিএ সূত্র জানায়, বাসগুলো গাবতলী থেকে ছেড়ে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, ধানমন্ডি ২৭, কলাবাগান, ধানমন্ডি ৪, সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, কাজলা, সাইন বোর্ড, জালকুড়ি ও শিবু মার্কেট হয়ে চাষাড়া পর্যন্ত যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব বলেন, “বিগত কয়েক বছরে ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত ছিল। যানজট, পুরনো বাস, অব্যবস্থাপনা এবং যাত্রীদের ভোগান্তি ছিল নিত্যদিনের চিত্র। এই পরিস্থিতিতে আমরা ঢাকা নগর পরিবহনের মাধ্যমে একটি আধুনিক ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।”

তিনি বলেন, “এই রুটে চলাচলকারী বাসগুলো অত্যাধুনিক, আরামদায়ক এবং যাত্রীবান্ধব হবে। যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার জনাব শেখ মো. সাজ্জাত আলী ও সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভাপতিত্ব করেন ডিটিসিএ’র নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

   

About

Popular Links

x