জয়পুরহাটের আক্কেলপুরে ঘুমন্ত গৃহবধূর গলায় ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। আহত গৃহবধূর স্বামী পেশায় সিএনজিচলিত অটোরিকশাচালক। গলায় জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার বিহারপুর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের টিনের দরজা বন্ধ করে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ মাসুদা। রাত ১২টার দিকে গলায় যন্ত্রণা অনুভব হলে ঘুম ভাঙে তার। এ সময় গৃহবধূ দেখতে পান, তার গলা দিয়ে রক্ত পড়ছে, পুরো ঘর লণ্ডভণ্ড। তার চিৎকারে পাশের ঘর থেকে মেয়ে, তার জামাই ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার ঘর থেকে ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
আহত গৃহবধূর মেয়ের জামাই সাদ্দাম বলেন, “আমার শাশুড়ির চিৎকার শুনে গিয়ে দেখি, তার গলা দিয়ে রক্ত ঝরছে। সামনের কিছু মাটি সরিয়ে দরজা খোলা হয়েছে, এমনটি মনে হচ্ছে। শাশুড়ির মোবাইল ফোন ও ১৫ হাজার টাকা চুরি হয়েছে।”
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



