Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে এবার দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি

নগদ টাকা, স্বর্ণলঙ্কার ও মূলবান জিনিসপত্র লুট

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৮:৪৩ পিএম

ঢাকার সাভারে প্রকাশ্য দিবালোকে যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণলঙ্কার ও মূলবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাত দল।

রবিবার (২ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী থেকে ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসের যাত্রী নাজমুল হাসান অভি বলেন, “দুপুর পৌনে একটার দিকে আশুলিয়ার চক্রবর্তী থেকে রাজধানী বাসে করে মিরপুরের উদ্দেশে রওনা হই। পরে বাসটি বেলা ২ টার দিকে সাভারের রেডিও কলোনী এলাকায় পৌঁছালে যাত্রী বেশে থাকা দুইজন ব্যক্তি বাস থেকে নামার জন্য গেটের কাছে যায়। কিন্তু ওই দুইজন বাস থেকে নামেনি; বরং বাস থামিয়ে আরও আরও কয়েকজনকে তোলা হয়। পরে তারা ধারালো দেশীয় অস্ত্র বের করে বাসে থাকা ২০-২৫ জন যাত্রীকে জিম্মি করে। এ সময় ডাকাত দলের ৬-৭ জন মিলে বাসে থাকা যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূলবান জিনিসপত্র লুট করে। পরে সাভারের ব্যাংক টাউন এলাকায় বাস থামিয়ে তারা নেমে যাই। পরে আমি টেকনিক্যালে নেমে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করি।”

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, “চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়েছে কয়েকজন। যে বাসে ঘটনাটি ঘটেছে সেই বাস যাত্রী নিয়ে ঢাকা চলে গেছে। বাসটি এলে চালকের বক্তব্যে বোঝা যাবে এটা ছিনতাই না ডাকাতি।”

সাভার মডেল থানা, ডিবি ও হাইওয়ে পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহি চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাসের তিন যাত্রী আহত হয়েছিলেন।

তার আগে, গত ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র সামনে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছিলেন।

   

About

Popular Links

x