Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

আহত হয়েছেন ‍আরও চারজন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৪:৪৩ পিএম

টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রফিকুল ইসলাম রফিক নামের বিএনপির সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছেন।

শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে তিতুদহ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চারজন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা এবং নিহত রফিকুল ইসলামের আপন বড় ভাই শফিকুল ইসলাম (৫০), একই গ্রামের কামারপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম (৫০), আব্দুল আলিম (৫৫) ও একই ইউনিয়নের হুলিয়ামারি গ্রামের বাসিন্দা আইনাল হক (৫০)।

আহতদের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন। নিহত রকিফুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এতে উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।

চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, আহত চারজনের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তার মাথার হাড় ভেঙে গেছে। সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচার করছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস বলেন, “টিসিবির কার্ড বন্টন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই রফিক নামের একজন মারা যান। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x