Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

শনিবার বিকেলে চাঁদপুর থেকে লঞ্চে করে ঢাকায় আসেন ওই নারী

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০২:১১ পিএম

দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের ঘটনার মধ্যে এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মোশারফ হোসেন মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে তিনি জানান, শনিবার (৮ মার্চ) রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই নারীকে গণধর্ষণ করা হয়।

মোশারফ হোসেন মিয়া বলেন, “গতকাল বিকেলের দিকে চাঁদপুর থেকে স্বামীর সঙ্গে অভিমান করে লঞ্চে ঢাকায় আসেন। পরে সদরঘাট থেকে পোস্তগোলা আসার পর ওই নারীকে থাকা এবং খাওয়ানোর কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে পালাক্রমে গণধর্ষণ করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হাতেনাতে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় বাকি ২ আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে। পরিবারের সঙ্গে ওই নারীর কোনো যোগাযোগ নেই। তার স্বামীর মোবাইলটিও বন্ধ পাওয়া যাচ্ছে। শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।”

 

   

About

Popular Links

x