Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বনানীতে নিহতের কফিন নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে ছড়িয়েছে যানজট

এতে অচল হয়ে পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০১:৪২ পিএম

ঢাকার বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে অচল হয়ে পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। 

সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়িচাপায় নিহত হন পোশাকশ্রমিক মিনারা আক্তার। এ ঘটনায় আহত আরেক শ্রমিক সুমাইয়া আক্তারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ পোশাকশ্রমিকরা বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে বনানী, মহাখালী, গুলশান, কাকলি, এয়ারপোর্ট রোড, সাতরাস্তা, এবং প্রগতি সরণিসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।

ঢাকার মূল সড়কগুলোতে ভয়াবহ যানজট প্রসঙ্গে গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম জানান, বনানী এলাকায় শ্রমিক বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে এবং কিছু গাড়ি রামপুরা ও প্রগতি সরণি দিয়ে ডাইভারশন করে পাঠানো হচ্ছে।

তবে এতে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করছে। বনানী থেকে শুরু হওয়া এই যানজট এখন বিমানবন্দর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। অন্যদিকে সাত রাস্তা ও জাহাঙ্গীর গেট এলাকাও যানজটে পুরোপুরি স্থবির। বিকেলের আগে পরিস্থিতি স্বাভাবিক না হলে ইফতারের সময় যানজট আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে ট্রাফিক পুলিশ।

সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা/আহাদুল করিম খান/ঢাকা ট্রিবিউন

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, দোষী চালকের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।

দুপুর থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা নিহত পোশাকশ্রমিকের মরদেহ কফিনে নিয়ে বনানীতে মিছিল করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে করাইল বস্তিরও অনেক লোকজন। পুলিশ তাদের আশ্বাস দিলেও তারা রাস্তা ছাড়ছে না।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার বলেন, “এখন আন্দোলন করছে তিনটি পোশাক কারখানার শ্রমিকরা। যাদের অধিকাংশের বাড়ি করাইল বস্তি। এছাড়াও কড়াইল বস্তির লোকজন আন্দোলনে যুক্ত হয়েছেন। তারা কিছুক্ষণ আগে নিহত শ্রমিকের মরদেহ নিয়ে মিছিল করেছেন। মরদেহ এখনো তাদের কাছে রয়েছে। আন্দোলনকারী শ্রমিকদের আমরা বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছি তারা এই ঘটনার বিচার পাবে। এবং এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। সকাল থেকে তাদের আমরা বুঝিয়ে আসছি কিন্তু তারা আমাদের কথা শুনছেন না। তারা উল্টো পুলিশের প্রতি মারমুখি আচরণ করছেন। আর বনানীতে রাস্তা বন্ধ থাকার কারণে সারা ঢাকায় যানজট ছড়িয়ে পড়ছে।”

   

About

Popular Links

x