Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পল্লবী থানায় ঢুকে হামলার অভিযোগ, ওসিসহ আহত ৩

পুলিশ জানিয়েছে, রাত পৌনে ২টার দিকে থানায় ঢুকে এক যুবক হামলা চালায়

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০২:১৯ পিএম

রাজধানীর পল্লবী থানায় ঢুকে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবকের হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ তিন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হামলাকারী যুবকসহ চারজনকে আটক করা হয়েছে। হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন - পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।

ওসি নজরুল ইসলাম বলেন, “রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানায়। এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলেন, আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এরকম ঘটনা তাদের জানা নেই।”

ওসি বলেন, “পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে তিনি জানাতে অনিচ্ছা প্রকাশ করেন। তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল-ঘুসি মারতে থাকেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এগিয়ে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন। এছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুসি মারেন। পরে আমরা তাকে আটক করি।”

তিনি আরও বলেন, “আটকের পর ওই যুবক জানান, বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছেন বলে জানান। রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলেও জানান। পরে আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি।”

নজরুল ইসলাম জানান, এ ঘটনার পর আমরা আহত তিনজন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মো. নাসিরের হাত এক্সরে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

   

About

Popular Links

x