Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাতির আক্রমণে শিশুর মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ

সড়কের উভয় পাশে প্রায় দীর্ঘ আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১২:১৮ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর লাশ নিয়ে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আরমান জাওয়াদ ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে। এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১টার দিকে একটি বন্য হাতি টিনের ঘরে ভাঙচুর শুরু করলে খজিমা বেগম শিশু জাওয়াদকে নিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় বন্য হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী শিশুর মৃত্যুর প্রতিবাদে ভোর ৬টার দিকে শিশুটির লাশ নিয়ে কেইপিজেড এলাকায় এসে পিএবি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। হাতির আক্রমণ বন্ধের দাবিতে এলাকার লোকজন এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে পিএবি সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কের উভয় পাশে প্রায় দীর্ঘ আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কেপিজেডের কর্মরত হাজার হাজার শ্রমিক।

আন্দোলনকারীদের একজন ওয়াসিম আকরাম বলেন, “হাতিটি এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। উপজেলা প্রশাসন, বন বিভাগ ও কেইপিজেডের লোকজন এসে এ বিষয়ে নিশ্চয়তা দিলে সড়ক ছাড়ব।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “আগেও এই এলাকার লোকজন হাতির আক্রমণের শিকার হয়েছেন। হাতির আক্রমণ থেকে রক্ষার দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

   

About

Popular Links

x