ঈদের পরদিনও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। যমুনা সেতু দিয়ে আজও (মঙ্গলবার) বাড়িতে যাচ্ছে মানুষ। গণপরিবহন কম থাকায় অনেকেই খোলা ট্রাকে ও পিকআপে করে, অনেকেই বাস-ট্রাকের ছাদে করে বাড়ি যাচ্ছে৷ তবে মহাসড়কে যানবাহনের সংখ্যা খুবই কম৷
এদিকে গত ২৪ ঘণ্টায় ঈদের দিন যমুনা সেতু দিয়ে ১৬,০৫১ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৬৮ লাখ ৭৮,৯৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, উত্তরবঙ্গগামী ৯,১৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪০ লাখ ৩,১৫০ টাকা। ঢাকাগামী ৬,৮৬৮ যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২৮ লাখ ৭৫,৮০০ টাকা।
যাত্রীরা বলেন, “বিভিন্ন কারণে ঈদের দিন বাড়িতে যেতে পারেনি। তাই এখন বাড়িতে যাচ্ছি। কিন্তু রাস্তায় গণপরিবহন সংখ্যা খুবই কম। তাই ট্রাকে করে বাড়িতে যাচ্ছি। এতে ভাড়াও নিচ্ছে বেশি৷”
সরেজমিনে দেখা যায়, ট্রাকের পাশাপাশি বাসের ছাঁদে বাড়িতে যাচ্ছে মানুষ৷ তবে মহাসড়কে যানবাহন খুবই কম।
এ ব্যাপারে যমুনা সেতুর পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বলেন, “আজও অনেকেই বাড়িতে যাচ্ছে। তবে রাস্তায় গণপরিবহনের সংখ্যা খুবই কম থাকায় ট্রাকে করে অনেকই বাড়ি যাচ্ছে।”



