Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের ছুটিতে রাঙ্গামাটি পর্যটকদের ভিড়ে মুখর

হোটেল-মোটেলগুলোতে আগামী শনিবার পর্যন্ত ৭০-৮০% বুকিং রয়েছে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম

ঈদের টানা নয় দিনের ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শহরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিভিন্ন পর্যটন এলাকাগুলো ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

ঈদ-উল-ফিতরের চার দিন পেরিয়ে গেলেও রাঙ্গামাটিতে ঈদের আমেজ এখনও কাটেনি। নগর জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির কোলে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের আকর্ষণ করছে কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, শুভলং ঝরনা, পুলিশ পলওয়েল পার্ক, ডিসি বাংলো, বার্গী লেক ভ্যালি, রাজবন বিহার, কাপ্তাই নিসর্গ পড হাউজ, সাজেক ও আসামবস্তী-কাপ্তাই সড়কের মনোরম সৌন্দর্য।

গত চার দিনে প্রায় ২০ হাজার পর্যটক রাঙামাটিতে ভ্রমণ করেছেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও বেশ সন্তুষ্ট। হোটেল-মোটেলগুলোতে ৭০-৮০% বুকিং রয়েছে, যা আগামী শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে, হোটেল কসমস ইন্টারন্যাশনালের মো. সালাউদ্দিন বলেন, “ঈদের পর থেকে প্রচুর টুরিস্ট এসেছেন। আমাদের হোটেলে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত শতভাগ বুকিং আছে।”

শ্রীমঙ্গল থেকে আসা পর্যটক মৃণাল দে জানান, রাঙ্গামাটির মনোরম দৃশ্য মুগ্ধ করেছে তাকে। চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে আসা পর্যটক রাশেদ জানান, দেশের অন্যান্য পর্যটন এলাকার তুলনায় রাঙ্গামাটি অনেক বেশি সুন্দর।

সাজেকের কুঁড়েঘর রিসোর্টের ম্যানেজার মো. সাইফুল ইসলাম বলেন, “গত তিন দিনে প্রায় ৫,০০০ পর্যটক সাজেক ভ্রমণ করেছেন। আমাদের রিসোর্ট আগামী শনিবার পর্যন্ত সম্পূর্ণ বুকড রয়েছে।”

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, “ঈদের পর থেকে সাজেকে টুরিস্ট  সমাগম হচ্ছে। গতকালও প্রায় ২,৫০০ টুরিস্ট সাজেক ভ্রমণ করেছেন। সাজেকে আগামী ৮-৯ তারিখ পর্যন্ত এখানকার রিসোর্টগুলোতে অগ্রিম বুকিং আছে। আমাদের ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে।”

রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, “ঈদের পর থেকে প্রতিদিন প্রায় ৩ হাজার পর্যটক এসেছেন, যা চার দিনে ১২ হাজারে পৌঁছেছে।”

এছাড়াও, কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাইনা ইসলাম জানান, কাপ্তাইয়ে এসে তিনি দারুণ অভিজ্ঞতা অর্জন করেছেন।

কাপ্তাই লেকের বোট চালক মো. জাহাঙ্গীর জানান, পর্যটকদের চাপ বাড়ায় বোট চালকদেরও ব্যস্ত সময় কাটছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, যাতে পর্যটকরা নির্বিঘ্নে ঈদের ছুটি উপভোগ করতে পারেন।”

   

About

Popular Links

x