Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রাইভেটকারে তুলে অপহরণ, যাত্রীর চিৎকারে পথচারীদের হাতে আটক ৪

টাকাপয়সা নেওয়ার পর গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় ভুক্তভোগীরা চিৎকার করলে অপহরণকারীরা আটক হয়

আপডেট : ০৯ মে ২০২৫, ০৭:৩৫ পিএম

ঢাকার ধামরাইয়ে প্রাইভেকারে যাত্রী তুলে অপহরণের ঘটনা ঘটেছে। পরে মুক্তিপণের জন্য বিভিন্ন স্থানে ঘোরানোর পর ভুক্তভোগীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় তাদের চিৎকার শুনে চার অপহরণকারী আটক করেছে পথচারীরা। 

শুক্রবার (৯ মে) দুপুরে ধামরাই উপজেলার চাওনা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন জয়নাল (৩৮), মোশারফ হোসেন (৪২), মেহেদী হাসান (২৭) ও আব্দুল আজিজ (৩২)। অপরদিকে অপহরণের শিকার হয়েছিলেন বগুড়া জেলার ধুলট থানার কাশিয়াহাটা গ্রামের  বাসিন্দা রফিকুল ইসলাম (৩৮) ও একই এলাকার টুটুল মিয়া (৩০)।

পুলিশ জানায়, সকালে রফিকুল ও টুটুল আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে বগুড়ার যাওয়ার উদ্দেশ্যে আসেন। পরে তারা গাড়ির জন্য অপেক্ষা করার সময়ে একটি প্রাইভেটকার এসে জিজ্ঞাসা করে তারা কোথায় যাবেন। পরে রফিকুল ও টুটুল গন্তব্য বলে ও ভাড়া ঠিক করে প্রাইভেটকারে ওঠেন। এসময় প্রাইভেটকারে ড্রাইভারসহ চারজন ছিলেন।

এরপর প্রাইভেটকার বগুড়ার উদ্দেশে রওনা হয়। জিরানী এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা তিনজন রফিকুল ও টুটুলের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। তাদের বাড়িতে স্বজনের কাছে ফোন করে আরও মুক্তিপণ দাবি করে। সেসময় অপহরণের শিকার ব্যক্তিদের বিভিন্ন স্থানে ঘোরাতে থাকে। এক পর্যায়ে তাদের ধামরাইয়ের চাওনা এলাকায় নামিয়ে দেয়। তখন তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “চাওনা থেকে চার অপহরণকারীকে ধরে পথচারীরা পুলিশে সোপর্দ করেছে। একটি প্রাইভেটাকারে যাত্রীবেশে থাকা তিনজন ও চালক দুই ব্যক্তিকে প্রাইভেকারে করে বগুড়া নেওয়ার কথা বলে অপহরণ করেছিল। অপহরণকারীরা দুই অপহৃত ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করেছে।”

আটককৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x