রাজধানীর আসাদগেটে অভিযান চলাকালে প্রধান সড়কে চলা যে তিনটি অটোরিকশা ভেঙে ফেলা হয়েছে সেগুলোর মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
মঙ্গলবার (১৩ মে) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ এজাজ তার ফেসবুক পোস্টে লিখেন, “আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে আসার জন্য তিনটি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি।”
তবে জব্দ করা বাকি ৩০টি অটোরিকশার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) যৌথ অভিযানে আসাদগেট এলাকায় মূলসড়কে চলাচলরত প্রায় ৩০টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। পাশাপাশি তিনটি রিকশা ভেঙে দেওয়া হয়।
“ঢাকা ট্রিবিউন”-এর করা সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে।
অভিযানের পর মঙ্গলবার মোহাম্মদ এজাজ বলেন, “ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদন ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে।”
তিনি বলেন, “ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। এক সমীক্ষায় দেখা গেছে ২০% দুর্ঘটনা এই ব্যাটারিচালিত রিকশার কারণে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের নারী ও শিশুরা। এগুলো কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। প্রায়ই দেখা যায় পথচারীদের ওপর উঠে যাচ্ছে, অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।”
ডিএনসিসি প্রশাসক জানান, বুয়েটের সহায়তায় ব্যাটারিচালিত নিরাপদ রিকশার মডেল তৈরি করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতের জন্য অনুমতি দেওয়া হয়েছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি রিকশার লাইসেন্স দেওয়া হবে। চলমান রিকশার লাইসেন্স নিয়ে যে বাণিজ্য রয়েছে তা বন্ধ হবে।
তিনি আরও বলেন, “মে মাসের মধ্যে ডিএনসিসি রিকশাচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরাই বৈধ লাইসেন্স পাবে এবং অনুমোদিত কোম্পানির তৈরি রিকশা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবে। এক এলাকার বৈধ রিকশাও অন্য এলাকায় যেতে পারবে না। যাত্রী ভোগান্তি কমাতে ভাড়াও নির্ধারিত থাকবে।”



