Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডিতে মধ্যরাতে হাক্কানী পাবলিশার্সের মালিকের বাড়িতে ঢোকার চেষ্টা, আটক ৩

২০-২৫ জন তরুণ রাত সাড়ে ১২টার পর গিয়ে তার বাসার দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেন, জানান গোলাম মোস্তফা

আপডেট : ২০ মে ২০২৫, ১২:৩৯ পিএম

মধ্যরাতে ধানমন্ডির ৪ নম্বর সড়কে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) রাতে ওই তরুণরা গোলাম মোস্তফাকে “আওয়ামী লীগের দোসর” আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান নেন।

পরে গোলাম মোস্তফা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

গোলাম মোস্তফা বলছেন, “২০-২৫ জন তরুণ রাত সাড়ে ১২টার পর গিয়ে তার বাসার দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেন।”

তিনি অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন ছেলে বাসার সামনে এসে হইচই করছিল। তারা জোর করে বাসায় ঢোকার চেষ্টাও করে। পরে আমি ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। তাদের সঙ্গে কিছু সাদা পোষাকের লোকজন ছিল। তারাও বাসায় ঢোকার জন্য বলেন। কিন্তু মধ্যরাত হওয়ায় দরজা খুলিনি।”

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তারা কেন সেখানে গিয়েছিল জিজ্ঞাসা করা হবে।

গোলাম মোস্তফার বিরুদ্ধে কোনো মামলা থাকার কথা এখনো শোনেননি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, হাক্কানী পাবলিশার্স থেকে “বঙ্গবন্ধুর সিক্রেট ডকুমেন্টস” (সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) শীর্ষক ১৪ খণ্ডের একটি সংকলন প্রকাশিত হয়েছে। এই সংকলনে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তৈরি করা গোপন নথিপত্র সংকলিত রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ১৯৭৫ সালের পর ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তী সময়ে ১৯৯৬ সালে ক্ষমতায় আসেন, তিনি এই সংকলনের সম্পাদনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বইটির প্রথম খণ্ডের মোড়ক উন্মোচনও তিনিই করেন।

স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রও ১৫ খণ্ডে প্রকাশ করেছে সংস্থাটি।

   

About

Popular Links

x