Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদালত অবমাননার অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে আবেদন

হাইকোর্টে আগামী সপ্তাহে আবেদনের ওপর শুনানি হতে পারে

আপডেট : ২৮ মে ২০২৫, ০৬:২৩ পিএম

হাইকোর্টে সম্পর্কে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আবেদন করা হয়েছে।

বুধবার (২৮ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।

এর আগে, ফেসবুকে হাইকোর্ট সম্পর্কে দেওয়া স্ট্যাটাস “মর্যাদাহানিকর” ও “অবমাননাকর” উল্লেখ করে সারজিস আলমকে গত শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন নোটিশ পাঠান।

নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সারজিস আলমকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়। পাশাপাশি নোটিশ গ্রহণের দুই ঘণ্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে। তা না হলে সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে নোটিশে উল্লেখ করেন নোটিশদাতা আইনজীবী।

নোটিশের জবাব পাননি জানিয়ে বুধবার সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করেছেন আইনজীবী মো. জসিম উদ্দিন ।

হাইকোর্টে আগামী সপ্তাহে আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে, সারজিসকে পাঠানো ওই নোটিশের বলা হয়, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচনি ট্রাইব্যুনালের রায়-ডিক্রি ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। শুনানি শেষে গ্রহণযোগ্য নয় বলে হাইকোর্ট ২২ মে বেলা সাড়ে ১১টার দিকে রিটটি সরাসরি খারিজ করে দেন। ২২ মে রায় ঘোষণার পর আপনি (সারজিস আলম) ভেরিফায়েড ফেসবুক আইডিতে ১১টা ৪৯ মিনিটের দিকে ওই রায় নিয়ে একটি প্রতিক্রিয়া দেন। এই স্ট্যাটাস গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই স্ট্যাটাসে উল্লেখিত মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। যা দেশের উচ্চ আদালত, যথা সর্বোচ্চ আদালতের প্রতি মর্যাদাহানিকর ও আদালত অবমাননাকর।

   

About

Popular Links

x