Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

সকাল সাড়ে ৯টা পর্যন্ত শান্তিনগর থেকে বেড়তলা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে এ অবস্থা চলছিল

আপডেট : ০৬ জুন ২০২৫, ১২:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি দিয়েছে। মহাসড়কটিতে থেমে থেমে চলতে থাকে যানবাহন। পরে সেনাবাহিনীর সদস্যদের তৎপরতায় সকাল ৯টার পর যানজট কমতে থাকে।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার শান্তিনগর থেকে বেড়তলা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে এ অবস্থা চলছিল।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, সকাল ৬টা থেকে শান্তিনগর থেকে সরাইল বিশ্বরোড মোড় এবং কুট্টাপাড়া মোড় হয়ে বাড়িউরা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এরপর সকাল ৮টার দিকে এই যানজট আরও বেড়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যদের তৎপরতায় সকাল ৯টার পর যানজট কমতে থাকে।

গাজীপুর থেকে হবিগঞ্জের মাধবপুরগামী যাত্রীবাহী মাইক্রোবাসের চালক শামীম আহমেদ জানান, সকাল পৌনে ৭টার দিকে আশুগঞ্জ গোলচত্বর অতিক্রম করে পৌনে দুই ঘণ্টায় শাহবাজপুর এলাকায় পৌঁছেছেন। অথচ এই পথে সময় লাগে মাত্র ২০ মিনিট।

যাত্রীবাহী একটি বাসের চালক মাহবুব মিয়া বলেন, “যত সমস্যা বিশ্বরোড মোড়ে। এখানে এলেই আমাদের সময় নষ্ট হয়।”

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, “শুক্রবার ভোর থেকে যানবাহনের চাপ বেড়েছে। এর মধ্যে পণ্যবাহী যানবাহন চলাচল করছে। জায়গার অভাবে এগুলো আটক করে রাখতে পারছি না। এসব কারণে যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিদিন বিরামহীন কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছি। তারপরও মহাসড়কে যানজটমুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

   

About

Popular Links

x