Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

শ্রীপুরে মধ্যরাতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ ভোগান্তিতে পড়ে মানুষ

আপডেট : ১৯ জুন ২০২৬, ১১:২৩ এএম

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে গভীর রাত পর্যন্ত তালহা স্পিনিং মিল কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৩ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

খবর পেয়ে হাইওয়ে, থানা এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। পরে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে তারা মহাসড়ক থেকে সরে গেলে রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা থেকে মধ্যরাত পৌনে ১টা পর্যন্ত ওই কারখানার শ্রমিকরা তাদের মে মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, বুধবার (১৭ জুন) মে মাসের বেতন বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। ওইদিন কারখানা কর্তৃপক্ষ তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকরা সারাদিন কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করেন এবং বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন। পরে তাদেরকে বেতন না দিয়ে পরদিন বৃহস্পতিবার (১৮ জুন) দিবে বলে জানায় এবং ছুটি দিয়ে দেয়। বৃহস্পতিবারও সারাদিন শ্রমিকরা কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করতে থাকেন।

শ্রমিকরা দাবী করেন, কারখানা কর্তৃপক্ষ তাদের একাধিকবার বেতন পরিশোধের তারিখ দিলেও বেতন না দিয়ে সময় পার করছে। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাদের বকেয়া বেতন দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো কিছু না জানালে তারা ওইদিন রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “বিক্ষোভকারী শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বকেয়া পরিশোধের চেষ্টা করে ব্যর্থ হয়ে সড়ক অবরোধ করে। পরে শিল্প পুলিশ শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।”

   

About

Popular Links

x