Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

পাঁচ টাকার নোটে মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম

নওগাঁর মান্দা উপজেলায় নতুন পাঁচ টাকার নোটে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ জুন) বাদ জুমা কুসুম্বা মসজিদের প্রধান ফটকের সামনে “কুসুম্বা মসজিদের সকল মুসল্লি” ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহালের দাবি জানিয়েছেন বক্তারা। দাবি মানা না হলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এসময় তারা বলেন, কুসুম্বা মসজিদ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ সহজেই ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারতেন। সেই নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি প্রত্যাহার করে নেওয়া দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের শামিল।

জেলা জামায়াতের আমীর খন্দকার মো. আব্দুর রাকিব বলেন, “কুসুম্বা মসজিদ ইসলামী ঐতিহ্যের নিদর্শন। সেই মসজিদের ছবি প্রত্যাহার করে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন করে পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।”

কুসুম্বা মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমীর খন্দকার মো. আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন উন্মোচন করা হয়।

এদিন ৫ টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন সম্পর্কে বলা হয়: অর্থ সচিব স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মি.মি. X ৬০ মি.মি.। নোটটির সম্মুখভাগে বামপাশে তারা মসজিদ, ঢাকা এর ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছনভাগে জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান এর সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি “গ্রাফিতি ২০২৪” মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপী রংয়ের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে “রয়েল বেঙ্গল টাইগার এর মুখ”, মূল্যমান “৫” এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম থাকবে।

   

About

Popular Links

x