Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদযাত্রার ছয়দিনে যমুনা সেতুতে টোল আদায় ১৯ কোটি ২৫ লাখ টাকা

একদিনে যমুনা সেতুতে সর্বোচ্চ টোল আদায় ও সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপারে নতুন রেকর্ড হয়েছে

আপডেট : ০৭ জুন ২০২৫, ১১:১৩ এএম

এবার ভোগান্তি ও দীর্ঘ যানজটে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু দিয়ে ঈদযাত্রা শেষ হয়েছে। ঈদ-উল-আজহার আগে ছয়দিনে যমুনা সেতুতে টোল আদায় হয়েছে ১৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা। এসময় যমুনা সেতু দিয়ে ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন পারাপার হয়েছে। গত ১ জুন থেকে ৬ জুন রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এ সব যানবাহন পারাপার হয়।

শুক্রবার (৬ জুন) সেতু দিয়ে ৪৮ হাজার ১৮৪টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৩ হাজার ৮৫৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ১৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৩৩০টি যানবাহন পারাপার হয়। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৯ লাখ ৯২ হাজার ৬শ টাকা।

এদিকে গত বৃহস্পতিবার (৫ জুন) যমুনা সেতু দিয়ে যানবাহন ও টোল আদায়ে নতুন রেকর্ড করে যমুনা সেতু কর্তৃপক্ষ। এদিন সেতু দিয়ে ঈদযাত্রায় ছোট বড় বিভিন্ন ধরনের ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়। যা যমুনা সেতু চালু হওয়ার সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার করে নতুন রেকর্ড গড়লো ।

এদিন ছোটবড় বিপুল সংখ্যক গাড়ি পারাপার হওয়ায় ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকার টোল আদায় হয়। এর ফলে সেতু চালু হওয়ার পরে একদিনে সর্বোচ্চ টোল আদায়েও নতুন রেকর্ড করে কর্তৃপক্ষ।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ৪ জুন সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৪টি যানবাহন পারাপার হয়। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

গত ৩ জুন সেতুর ওপর দিয়ে ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৭ হাজার ৬৫৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা।

গত ২ জুন যমুনা সেতুর ওপর দিয়ে ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকা। অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৭৬৯টি যানবাহন পারাপার হয়। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪শ টাকা।

গত ১ জুন যমুনা সেতুর ওপর দিয়ে ২৭ হাজার ১৭৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৯ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৩ হাজার ৮৬৮ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪৮ হাজার ২শ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৩ হাজার ৫ টি যানবাহন পারাপার হয়। এর বিপরীত টোল আদায় ১ কোটি ২৪ লাখ ৪৮ হাজার ২শ টাকা।

দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এ মহাসড়ক। এ সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের ২৪টি জেলার যানবাহন চলাচল করে। প্রতিবছরই অতিরিক্ত চাপে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করে। এরমধ্যে দুই পাশেই দুইটি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ করা হয়েছিল।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২০২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

   

About

Popular Links

x