Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্তের হার ৯.৩৫%

ঢাকার বাইরে কোনো নমুনা পরীক্ষা হয়নি

আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:২১ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত আরও ১০ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি। তবে সুস্থ হয়েছেন দুইজন। 

বুধবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত কোভিড-১৯ এর ১০৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১০ জন। গতকাল ‍বুধবার ১৩ জন এবং তার আগেরদিন ৫ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯.৩৫%। এখন পর্যন্ত দেশে মোট রোগী শনাক্তের হার ১৩.৫%।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ১০৭টি পরীক্ষার বিপরীতে ১০ জন শনাক্ত হয়েছেন সেই পরীক্ষা ও রোগী সবই ঢাকার। দেশের অন্য কোথাও করোনাভাইরাসের কোনো নমুনা পরীক্ষা হয়নি। 

এদিকে, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) জানিয়েছে, বাংলাদেশে শনাক্ত হয়েছে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট, তবে এটি এখনও আশঙ্কার বড় কারণ নয়।

আইসিডিডিআর,বি জানায়, বাংলাদেশে ওমিক্রনের দুটি নতুন সাবভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসির আবির্ভাব হয়েছে, যা সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এই বছরের এপ্রিলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম শনাক্ত হওয়া এই জেএন.১ গ্রুপের ভ্যারিয়েন্ট এখন বেশ কয়েকটি অঞ্চলে শনাক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এ বছরের মে মাসে কিশোরগঞ্জ, রাজশাহী, কুমিল্লা, খুলনা, যশোর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও দিনাজপুরে অবস্থিত আইসিডিডিআর,বি'র হাসপাতালভিত্তিক ইনফ্লুয়েঞ্জা সার্ভিল্যান্স স্টাডি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এই ভ্যারিয়েন্ট ৭% ছিল।

আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও আইসিডিডিআর,বি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়।

প্রতিষ্ঠানটি পরামর্শ হিসেবে বলেছে, সুরক্ষিত থাকুন, অসুস্থ লাগলে বাড়িতে থাকুন। এছাড়া টিকা নিন, বিশেষত যদি বয়স্ক বা ইমিউনোকম্প্রোমাইজড বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়। জনাকীর্ণ স্থানে মাস্ক পরুন, নিয়মিত আপনার হাত ধুয়ে নিন বা স্যানিটাইজ করুন।

এছাড়া, করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় বুধবার স্বাস্থ্য অধিদপ্তর ১১ দফা নির্দেশনা দিয়েছে।

   

About

Popular Links

x