ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ক্রুটির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
শুক্রবার (২৭ জুন) সকালে ফ্লাইট বিজি-৫৮৪, যা বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমান, সকাল ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে আকাশে প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর পাইলট ইঞ্জিনজনিত সমস্যার বিষয়টি টের পান এবং বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এবং পরে বেএ-১৪ নম্বর গেটে পার্ক করা হয়। এতে থাকা ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
অবতরণের পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলো রানওয়ের নিরাপত্তা পরিদর্শন করে। তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এছাড়াও বিমানটির কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।



