Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

মালয়েশিয়ায় জঙ্গি তৎপরতার অভিযোগে ৩৬ বাংলাদেশি আটক

দেশটি আটকদের বিরুদ্ধে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছে

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৪:৪১ পিএম

মালয়েশিয়ায় জঙ্গিবাদবিরোধী এক অভিযানে চরমপন্থি ও সহিংস মতাদর্শসম্পন্ন সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।  

শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল জানিয়েছেন, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। গত ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর এবং জোহর প্রদেশে তিনটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, “তারা উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং নিজের দেশের বৈধ সরকারকে উৎখাতের পরিকল্পনায় কাজ করছিল।”

স্ট্রেইটস টাইমস জানিয়েছে, আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুর আদালতে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

সাইফুদ্দিন বলেন, “আটক বাংলাদেশিরা আইএসের মতাদর্শ মালয়েশিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং সদস্য নিয়োগের সেল গঠন করেছিল বলে মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।”

তিনি আরও বলেন, “এই সেলগুলো উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং নিজের দেশের বৈধ সরকারকে উৎখাতের পরিকল্পনায় কাজ করছিল।”

সাইফুদ্দিন বলেন, “মালয়েশিয়া কখনই কোনো বিদেশি চরমপন্থী গোষ্ঠীর আশ্রয়স্থল হবে না এবং তাদের কার্যক্রম চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করার সুযোগও দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “এই অভিযান প্রমাণ করে, মাদানি সরকার জাতীয় নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং কোনো ধরনের হুমকির প্রতি শূন্য সহনশীলতা দেখায়।”

স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মালয়েশিয়াকে জঙ্গি তৎপরতার ঘাঁটি বা ট্রানজিট হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা শক্ত হাতে দমন করা হবে।”

এই অভিযানে অংশ নেওয়া পুলিশ ও গোয়েন্দা ইউনিটগুলোর পেশাদারিত্বের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার, কঠোর আইন প্রয়োগ এবং দেশি-বিদেশি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও দৃঢ় করা হবে।

   

About

Popular Links

x