প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগাকে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে পুলিশকে লক্ষ্য করি গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্রসহ সাব্বির হোসেন দীপু (৩০) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার (২৯ জুন) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ সদরের রামপাল কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্রের গেটের সামনে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পুলিশে জানিয়েছে, অস্ত্রসহ আটক সাব্বির হোসেন টঙ্গিবাড়ী উপজেলার বেতকা এলাকার বাসিন্দা। তবে বর্তমানে তিনি নারায়গঞ্জের ফুতুল্লা এলাকায় বসবাস করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, “দুপুরে রামপাল কলেজের সামনের সড়কে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় সাব্বির প্রাইভেটকার থেকে নেমে অটোরিকশাচালকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। হট্টগোল শুনে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশ এগিয়ে এলে পিস্তল বের করে গুলি ছুড়েন সাব্বির। তবে এতে কেউ হতাহত হয়নি। সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে আটক করে। তখন ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “আটকের পর সাব্বিরের কাছ থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা মুকুল ও শাহাদাত হোসেন নামে দুই সহযোগী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাব্বির ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হবে।”



