খুলনার বটিয়াঘাটা উপজেলায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা আশিক সড়কের শেষ প্রান্তের একটি প্লট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা প্লটের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৯ বছর। তিনি কালো রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরিহিত ছিলেন। তার মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাত ৯টা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে খুলনা সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।



