ভুল তথ্য এবং ফেক নিউজই এখন দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘‘ভুল তথ্য এবং ফেক নিউজ দেশের ভেতর থেকে যেমন ছড়ানো হচ্ছে, তেমনি দেশের বাইরে থেকেও ছড়ানো হচ্ছে। এটি এক ধরনের অবিরাম বোমাবর্ষণ।”
বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এবং মেহেদী বেনচেলাহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ইউএনডিপি এবং ইউনেস্কোর যৌথভাবে প্রস্তুত করা ‘‘বাংলাদেশের গণমাধ্যমের অবস্থার একটি মূল্যায়ন: মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যমের উপর গুরুত্বারোপ’’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের আগে ইউনেস্কোর কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “প্রচলিত সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম- এই দুই জায়গা থেকেই ভুল তথ্য ছড়ানো হচ্ছে। জাতিসংঘকে শুধু সরকারের সঙ্গে নয়, মিডিয়ার সঙ্গেও কথা বলতে হবে। কোনো সংবাদমাধ্যম যদি বারবার ভুল তথ্য ছড়ায়, তাদের মনে করিয়ে দিতে হবে যে তারা আর বিশ্বাসযোগ্য নয়।”
এ সময় ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ জানান, প্রতিবেদনটিতে কী কার্যকর হচ্ছে, আর কী হচ্ছে না- তা তুলে ধরা হয়েছে। এটি মূল্যায়নে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। এই মানের সঙ্গে অনুশীলনগুলোকে আরও ভালোভাবে মানিয়ে নিতে কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং বিচার বিভাগের সদস্যদের প্রশিক্ষণের প্রয়োজন হবে।
প্রতিবেদনটি ইউনেস্কো ও ইউএনডিপির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এতে সাংবাদিক, আইনপ্রয়োগকারী সংস্থা ও বিচারকদের আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।



